নিরাপত্তাহীনতায় জাবির সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা কথা মিডিয়ার সামনে স্বীকার করে নেওয়াই শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে করেন তিনি।
তিনিসহ অপর দুই ছাত্রলীগ নেতা নিয়ামুল ইসলাম তাজ ও শামীম মোল্লারও মুঠোফোনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসাইন বলেন, 'গত ৯ আগস্ট উপাচার্যের বাসায় যে প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা করা হয়েছে সেই তথ্য আমি গণমাধ্যমে দিয়েছি। তার কারণে আমি নানারকম হুমকি পাচ্ছি। গত কয়েকদিন আগে আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। আজ বিকেল থেকে আমার মোবাইল ফোন থেকে কারো সাথে যোগাযোগ করতে পারছি না।'
তিনি বলেন, 'আমার ফোনসহ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল হোসেন তাজ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার ফোনের কানেকশন অফ করে দেওয়া হয়েছে। এছাড়া অপরিচিত বিভিন্ন ফোন নাম্বার থেকে কল করে বিশ্ববিদ্যালয় ছাড়তে বলা হচ্ছে। তার কারণ হিসেবে বলা হচ্ছে আমি নাকি বিশ্ববিদ্যালয় ও সরকার বিরোধী তথ্য ফাঁস করছি।'
এই অবস্থায় হল রেড দেওয়া হতে পারে আশঙ্কা প্রকাশ করে সাদ্দাম বলেন, 'বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আজ রাতে বা যেকোনো সময় আমার হল রেড দেওয়া হতে পারে। আমি নিরাপত্তা ঝুঁকিতে আছি।'
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জাবির অধিকতর উন্নয়ন প্রকল্পের টাকা দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ও জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সহ-সভাপতি হামজা রহমান অন্তরের ফোনালাপের অডিও রেকর্ড ফাঁস হয়।