জাবিতে চাঁদাবাজি: সাবেক ভিসিসহ ১১ জনের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে ২৫ লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করায় একাধিক মাধ্যম থেকে হুমকির স্বীকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যসহ ৮ শিক্ষক ও তিন ছাত্রলীগ নেতার মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, ‘৯ আগস্ট উপাচার্যের বাসায় যে প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা করা হয়েছে সেই তথ্য আমি গণমাধ্যমে দিয়েছি। তার কারণে আমি নানারকম হুমকির সম্মুখিন হচ্ছি। গত কয়েকদিন আগে আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। আজ বিকেল থেকে আমার মোবাইল ফোন থেকে কারো সাথে যোগাযোগ করতে পারছি না। আমার ফোনসহ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল হোসেন তাজ, সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার ফোনেও একই সমস্যা হয়েছে। এছাড়া অপরিচিত বিভিন্ন ফোন নাম্বার থেকে কল করে বিশ্ববিদ্যালয় ছাড়ার হুমকি দিচ্ছে।’
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরসহ ৭জন শিক্ষকের মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যান্য শিক্ষকরা হলেন- অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক রায়হান রাইন, সহযোগী অধ্যাপক তারেক রেজা। এছাড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ সহ-সভাপতি নেয়ামুল হোসেন তাজ ও সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লারও মুঠোফোনে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘যাদের মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা সকলেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের একগুয়েমিতার বিরুদ্ধে কথা বলেছে। দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। এই অপরাধে রাষ্ট্র কখনো নাগরিকের কণ্ঠরোধ করতে পারে না। রাষ্ট্র তখনই কণ্ঠরোধ করতে পারে যখন সেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাড়ায়। আমার জানা মতে যাদের মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তারা কেউই এধরনের কাজের সঙ্গে যুক্ত না।
এ বিষয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র অন্যতম মুখপাত্র মো. আশিকুর রহমান বলেন, ‘আমাদের কন্ঠরোধ করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এর যথাপোযক্ত প্রতিক্রিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জানাবে।’