বিসিএসে কৃষি প্রকৌশল ক্যাডারসহ ৪ দাবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএসে টেকনিক্যাল ক্যাডার হিসেবে কৃষি প্রকৌশল এবং কৃষি অধিদপ্তরে কৃষি প্রকৌশলীদের জন্য আলাদা উইং চালুর দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচারাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। এ দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-২ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি প্রথম গেট দিয়ে বের হয়ে দিনাজপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে ২য় গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে।
এসময় “ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন”-এর সাধারণ সম্পাদক ও এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আতিক হাসান শিক্ষার্থীদের পক্ষ থেকে নিম্নোক্ত ৪ দফা দাবি পেশ করেন।
দাবিগুলো হলো- বিসিএস এ টেকনিক্যাল ক্যাডারে কৃষি প্রকৌশলীদের নিয়োগ দিতে প্রতিটি উপজেলায় নতুন পদের সৃষ্টি করা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি প্রকৌশলীদের আলাদা উইং চালু করা, বিএডিসিসহ সকল সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে কৃষি প্রকৌশলীদের পদ নিশ্চিত করা, বাংলাদেশ কর্ম কমিশনের অধিভুক্ত সকল সরকারি স্কুল-কলেজে কৃষি প্রকৌশলীদের পদ সৃষ্টি করা এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ের মতো সমান সুযোগ নিশ্চিত করতে হবে ।
মানববন্ধনে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অনুষদের সাবেক শিক্ষার্থী ও হাবপ্রবির শাখা ছাত্রলীগ নেতা মুহাইমিনুল ইসলাম বলেন, আমাদের দাবীসমূহ মেনে নিয়ে ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষি প্রকৌশলীদের অবদান রাখার সুযোগ সৃষ্টি করতে জাতির জনকের কন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি কামনা করছি।