১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাবি ভিসির কুশপুতুল দাহ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের কুশপুতুল দাহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও কমিশন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ এনে তার অপসারণের দাবি জানিয়ে কুশপুতুল দাহ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কুশপুতুল দাহ করা হয়।

মঞ্চের আহ্বায়ক আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের ঢাবি শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন।

সমাবেশে আ ক ম জামাল উদ্দীন জাবি উপাচার্যকে অপসারণের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় তার কার্যালয় ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন।

এসময় শিক্ষার্থী বহিষ্কারের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনেরও পদত্যাগ চান তিনি।

আল মামুন বলেন, জাহাঙ্গীরনগরের ভিসি বিএনপি-জামায়াতের সমর্থক। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি মুক্তিযুদ্ধ মঞ্চ বরদাশত করবে না।