আন্দোলনের বিরুদ্ধে জাবি প্রশাসন উঠেপড়ে লেগেছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের নামে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে ডাকা শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য শিক্ষার্থীদের।
সোমবার (২ সেপ্টেম্বের) দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এমন মন্তব্য করেন আন্দোলনের নতুন প্ল্যাটফর্ম ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর আন্দোলনকারী।
সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রাইয়ান রাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে যে টাকা ভাগাভাগির অভিযোগ সে অভিযোগের জন্য বিচার বিভাগীয় তদন্ত হোক তারা সেটা চায় না। আমরা চাই এর বিচার বিভাগীয় তদন্ত হোক। আমরা বলতে চাই উপাচার্য যদি এই দুর্নীতি না করে থাকেন তাহলে তার তদন্তের সম্মুখীন হতে সমস্যা কোথায়? আসলে তিনি এই দুর্নীতি করেছেন।’
সমাবেশে জাহাঙ্গীনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান কর্মসূচি সফল করার আহবান জানিয়ে বলেন, ‘আমাদের তিন দফা দাবি মানার জন্য প্রশাসনেকে যে সময় দেওয়া হয়েছে তারা সেই সময়ে আমাদের দাবি মানেনি এরই প্রেক্ষিতে আমাদের পূর্ব ঘোষিত প্রশাসনিক ভবন অবোরধের কর্মসূচিত আপনাদের পাশে পাবার আশা করি। আমরা আশা করি আপনারা আমাদের আগামী সকল কর্মসূচিতে সাথে থাকবেন।’
এ সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের এই যৌক্তিক আন্দোলনের বিরুদ্ধে প্রশাসন উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই প্রশাসন মহা বিশৃঙ্খলার মাস্টার প্লান হাতে নিয়েছে।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন টেন্ডার ছিনতাই থেকে শুরু করে অর্থ ছিনতাই এই সব অনিয়ম কারা করেছেন। গ্রামের কৃষকদের ট্যাক্সের টাকা প্রশাসন এই ভাবে দুর্নীতি করতে পারে না। এই অনিয়মের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবেই যতক্ষণ না আমাদের দাবি মেনে না নেওয়া হয়।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) জাবি শাখার সভাপতি মাহাতির মোহাম্মদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের কার্যকরী সদস্য মিখা পিরেগু প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার প্রমুখ।
এর আগে সোমবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের নামে অপরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের নতুন প্ল্যাটফর্ম ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘প্রশাসনিক ভবন অবরোধ’ কর্মসূচির সমর্থনে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।
বিক্ষোভের অংশ হিসেবে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অভ্যন্তরে একটি চক্কর দিয়ে মিছিলটি শুরু হয়। একে একে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এবং বিভিন্ন অনুষদ ভবনের ভেতরে চক্কর দেয়। পরে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।