৩০ আগস্ট ২০১৯, ০০:২০

দিনে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, রাতে বিয়ে

  © প্রতীকী ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে পুলিশের হাতে আটক হওয়া বহিরাগত সেই প্রেমিক যুগলের বিয়ে হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের দুই পরিবারের সম্মতিক্রমে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল মুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে অপ্রীতিকর অবস্থায় ওই প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। পরে তাদের তাজহাট থানায় নিয়ে যাওয়া হয়। ওই প্রেমিক যুগল হলেন, রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মোঃ নাজমুল ইসলাম (২০) এবং নগরীর শালবন এলাকার আমিনুল ইসলামের মেয়ে আরশি জান্নাতি (১৮)। তারা দুজনই রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ছেলেটি এইচএসসি পাস করেছে এবং মেয়েটি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এদিকে, থানায় আটকের পর তাদের অভিভাবকদের খবর দেওয়া পরে। পরে অভিভাবকরা থানায় আসলে তাদের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে রাতেই দুই পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।  

এ বিষয়ে তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান বলেন, তাদের অভিবাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। উভয় পরিবারের সম্মতিতে রাতে তারা বিয়ে করে নেন।