২৫ আগস্ট ২০১৯, ১৪:৫৪

প্রধানমন্ত্রী স্বর্ণ পদক পাচ্ছেন ববির ৫ শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ এর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার তামান্না শারমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য কলা ও মানবিক অনুষদ থেকে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাচ্ছুম ইসলাম নবণী ( সিজিপিএ ৩.৬৫)। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসলাম হোসাইন (সিজিপিএ ৩.৯৪)। জীববিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব (সিজিপিএ ৩.৯৯)। সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌসুম (সিজিপিএ ৩.৯৪) এবং ব্যবসায় অনুষদ থেকে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯০)।

তিনি আরও জানান , বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে পাঁচটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে মনোনীত করে তালিকাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে । তারা এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।