উখিনুর মৃত্যুতে সহপাঠীদের মৌন মিছিল, ৬ দফা দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উখিনুর মৃত্যুতে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ৪৮ ব্যাচের শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন ও শহীদ মিনার হতে পুরাতন রেজিস্টার ভবন পর্যন্ত মৌন মিছিল করেছে। পরে ভিসির কার্যলয়ের সামনে ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করে উখিনুর সহপাঠিরা।
এসময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডেঙ্গু টেস্টের যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা, উখিনুর মৃত্যর দায়ভার প্রশাসনের নেওয়াসহ ৪৮ ঘন্টার মধ্যে তার পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এছাড়া দাবি না মানলে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শোকাহত শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১১টায় প্রক্টর ফিরোজ উল হাসান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসনের সাথে কথা বলবে জানালে শিক্ষার্থীরা এতে অসম্মতি জানায়। এরপর দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে ব্যবস্থা নিবে বলে জানায় উপাচার্য।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে ক্লিনার, সুইপার ও মালিদের সকল প্রকার ছুটি বাতিল করেছে যা পরবর্তী নির্দেশ পর্যন্ত কার্যকর থাকবে।
রোববার (২৮ জুলাই) দুপুরে ডেঙ্গুর শিকার উখিনুর সৎকার কক্সবাজার কেন্দ্রীয় রাখাইন শশ্মানে করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফার্মেসী বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু।