গুরু, শিষ্য ও অভিভাবকের প্রণয়স্থান যখন ‘বিদ্যাগুরু’
আমাদের চিন্তা যখন কোন বিষয়ের একটি পর্যায়ে থেমে যায় তখন তা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়। চিন্তাকে নতুন করে আবর্তিত করতে হয়। তখন সেখানেই গড়ে উঠে নতুন উদ্যোম। শুরু হয় নতুন করে পথচলা। এভাবেই একদা কোন এক সময়ের উদ্যোম পরিণত হয় উদ্যোগে।
পৃথিবীর বুকে জন্ম নেয় নতুন নতুন উদ্যোক্তা। ঠিক এরকমভাবেই নতুনরা ধীরে ধীরে জয় করে নেয় পুরনোদোর স্থান, উন্নত হতে থাকে পৃথিবী নামক এই গ্রহ। যেখানে প্রাচীনরা হারিয়ে যায় না বরং স্থান করে নেয় ইতিহাসের পাতায়। সেই ইতিহাসের পাতা হয়ে উঠে নবীনদের এগিয়ে চলার জ্বালানি শক্তি।
বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা যখন জগত বিখ্যাত তখন সুদূর গ্রীক ও চীন থেকেও হিউয়েন সাঙ ও ফাহিয়েন এর মতো পরিব্রাজকেরা অতীশ দীপঙ্করের মতো বিজ্ঞ গুরুদের কাছে দীক্ষা গ্রহণ করতে আসতো। ইতিহাসের এই ধারা থেকেই শিক্ষার জন্য গুরু শিষ্যে একে অপরের কাছে আসা এক পুণ্যের কাজে রূপায়িত হয়। ইতিহাসের সে ঘটনার ডিজিটাল পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে ‘বিদ্যাগুরু’। যেখানে বিদ্যার্থীরা খুঁজে নিবে তাদের কাঙ্ক্ষিত গুরু শিষ্য। অভিভাবকরা পাবেন নিশ্চিত স্বস্তি। বিদ্যাগুরু এমনি একটি ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম হতে হচ্ছে যেখানে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাথে অভিভাবকদেরও দুশ্চিন্তা করার দিন ফুরাবে।
গুরু শিষ্যের বর্তমান জ্ঞান-যাত্রায় গুরুর করুন দশা:
আবির রাজধানীর একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে তবেই সে শহরে এসে পড়ালেখা করতে সক্ষম হয়েছে। কিন্তু এখানে সে গ্রামের মতো পরিশ্রমী কাজ পায়না। কাজেই তাকে টিউশনির জন্য চেষ্টা তদবির করতে বড়ভাইদের কাছে অনেকদিন ধর্না দিতে হয়। অবশেষে বহুল কাঙ্ক্ষিত একটি টিউশনি যদিও বা পায়। ক্যাম্পাস থেকে তার দূরত্ব হয় ১০ কিলোমিটার। রাজধানী শহরের জ্যাম অতিক্রম করে ছাত্রের কাছ যাওয়া আসা করতেই তার ৩ ঘণ্টার মতো মহামূল্যবান সময় নষ্ট হয়। এরপরে ২ ঘণ্টা বিদ্যা চর্চা। এভাবেই মাসব্যাপী চললেও মাসের শেষে কাঙ্ক্ষিত সম্মানী পায়না, পেলেও নির্ধারিত সময় থেকে অনেক দেরি হয়ে যায়।
এছাড়া অনেক জায়গায় টিউশনি খুঁজতে গেলে একই সাথে নিজের সাবজেক্ট, সম্মানী, অভিভাবকের চাওয়া-পাওয়া সবমিলিয়ে আর সম্ভবপর হয়ে উঠেন। অন্যদিকে ক্যাম্পাস ছুটি হয়ে গেলেও নির্জনে দিনানিপাত করতে হয় শুধুমাত্র একটি টিউশনির কারণে। এসকল চলমান সমস্যার যুগোপযোগী অসাধারণ সমাধান নিয়ে আসছে বিদ্যাগুরু। যার মাধ্যমে চাইলেই দেশের এক স্থান হতে অন্য স্থানে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানো সম্ভব হবে।
অভিভাবক ও শিষ্যের চাওয়া-পাওয়াঃ
শহরে পিতামাতা সন্তানের জন্য চাহিদামতো শিক্ষক পেলেও মানসম্মত পাঠদান, নিয়মানুবর্তিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থাকে। অন্যদিকে গ্রামের প্রেক্ষাপটে ভালো মানের শিক্ষক পাওয়া কঠিন হয়ে যায়। কারণ এখানে মানসম্মত প্রাইভেট টিউটর খুঁজে পাওয়া দুষ্কর। শহরের বাস্তবিক পরিবেশে অভিভাবকেরা একজন অচেনা আগুন্তককে নিজের সন্তানের দায়িত্ব দিতে অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে। অন্যদিকে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের পরামর্শ ও সাহচর্য থেকে বঞ্চিত হয়।
বিদ্যাগুরু’র বৈশিষ্ট্য ও কার্যক্রম:
বিদ্যাগুরু’তে শিক্ষক শিক্ষার্থীরা অঞ্চল ভিত্তিক নয় বরং বিশ্বব্যাপী সংযুক্ত থাকবে। এসময় শিক্ষক তার পছন্দমত এবং শিক্ষার্থী কিংবা অভিভাবক তাদের চাহিদা মোতাবেক শিক্ষক খুব সহজেই খুঁজে নিতে পারবে। সম্মানী লেনদেনের নিরাপত্তার জিম্মা থাকবে বিদ্যাগুরু ওয়েব কর্তৃপক্ষের। নির্দিষ্ট পন্থায় তা জমা অথবা উত্তোলন করা যাবে। থাকবেনা কোন ধরনের অবাঞ্ছিত ঝুটঝামেলা।
এছাড়াও শিক্ষক শিক্ষার্থীদের জন্য থাকবে প্রাতিষ্ঠানিক শিক্ষা, জীবন দক্ষতা, পেশাগত দক্ষতা, প্রতিযোগিতা পরীক্ষা সমূহের প্রস্তুতির সুবিধা যা মান্ধাতা আমলের টিউশনি ব্যবস্থায় কল্পনায় করা যায়না। অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী আছে যারা টিউশনি করান কিন্তু তাদের থাকেনা কোন ধরনের অফিশিয়াল অভিজ্ঞতার সনদ। যার ফলে চাকুরী আবেদনের সময় অনেকেই পড়েন বিড়ম্বনায়। বিদ্যাগুরু এর সুন্দর একটি সমাধানের ব্যবস্থা করেছেন। অন্যদিকে অভিভাবক ও শিষ্যরা পাচ্ছে দেশের সব খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যয়নরত শিক্ষক। শিক্ষকদের গ্রেডিং করার ফলে একজন শিক্ষকের যোগ্যতা, নৈতিক চরিত্র ,আচার আচরণ, কমিটমেন্ট সবকিছু পর্যবেক্ষণ করা হবে। ফলে অভিভাবকদের সংকটের জায়গাটি আর থাকবেনা।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ রিয়াজুল করিম। তিনি ব্যক্তিগত ভাবে ২০০৯ সাল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন। ২০০৯ সালে সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেছেন চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড এসোসিয়েশন। তিনি ২০১৬-১৭ সালে, ওয়ার্ল্ড লিটারেসি ফাউন্ডেশনের এ্যাম্বাস্যাডর হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেড়ান শহরের ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রামের সুবিধা বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানে । তিনি ২০১৭ সালে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহায়তায় একটি স্টাডিও করেন। যাতে অংশ গ্রহণ করে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। ২০১৩ সাল থেকে এডুকেশন পার্লামেন্ট নিয়ে কাজ করছেন। ছাত্র-ছাত্রীদের কাছে থেকে তাদেরকে সাথে নিয়ে শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর এ তরুণ নেতা ব্রিটিশ হাইকমিশন কর্তৃক ডিউক অব এডিনবার্গ গোল্ড এওয়ার্ডে ভূষিত হন।
বিদ্যাগুরু সম্পর্কে মোঃ রিয়াজুল করিম জানান, “মফস্বল থেকে বেড়ে উঠেছি যেখানে ছিলনা কোন ইন্টারনেট কিংবা আদর্শিক মানের শিক্ষক। বর্তমান সরকারের সুপরিকল্পিত প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের উদ্যোগে ইন্টারনেট সুবিধা অনেক সহজবোধ্য হওয়াই সকলের বোঝা সহজ হয়েছে যে শেখার মাধ্যম এখন শুধু বিদ্যালয় আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। একপাক্ষিক শিক্ষা অনেকাংশেই কোন কাজে আসে না। সেটা মুখস্থ বিদ্যার ন্যায় অর্থহীন। বিদ্যাগুরু এমন একটি অনলাইন প্ল্যাাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা নিজেদের সকল বিষয় সম্পর্কে অভিজ্ঞ এবং প্রতিজ্ঞাবদ্ধ শিক্ষকদের নিকট হতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারবে। অডিও, ভিডিও এবং অত্যাধুনিক ডিজিটাল বোর্ডের মাধ্যমে পাঠদান প্রক্রিয়ায় আপনার কখনোই মনেই হবেনা শিক্ষার্থী এবং শিক্ষক আসলে অনলাইনে দূরে বসে পাঠ কার্যক্রম সম্পন্ন করছে।”
বিদ্যাগুরুর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, “বহুদিন হতে শিক্ষার্থীদের স্বাধীন শিক্ষা নিয়ে কাজ করছি। ভবিষ্যতে মানসম্পন্ন আধুনিক চিন্তার ফসল হিসেবে শহরে এবং গ্রামে বিদ্যাগুরু শিক্ষা কেন্দ্র গড়ে তোলবো । যা শিক্ষার্থীদের নিজের ইচ্ছে মত শেখার সুযোগ করে দিবে। শিক্ষার্থীরা কাজ করবে নব সৃষ্টির লক্ষ্যে, এ-প্লাসের প্রত্যাশায় না। বিদ্যাগুরু ব্যবহার এতোটাই সহ্জ যে, ৩য় শ্রেণীর একজন শিক্ষার্থীও অনায়াসেই তা ব্যবহার করতে পারবে। বিদ্যাগুরুর অসাধারণ নতুন নতুন আপডেট ও ফিচার নিয়ে কাজ করছেন। প্রত্যাশা নতুন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পাঠাও কিংবা টেন মিনিটস স্কুল ইতোমধ্যে যে অবদান রেখেছে তার চেয়ে বিদ্যাগুরুর অবদান কোন অংশে কম হবে বলে মনে হয় না। বিদ্যাগুরু হতে যাচ্ছে ভবিৎষতের প্রকৃত স্বাধীন এবং পার্সোনালাইজড শিক্ষা কেন্দ্র যেখানে প্রাথমিকভাবে এক লাখ শিক্ষিত বেকার তরুণ তরুণীসহ শিক্ষিত গৃহীনিদেরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।”
সর্বোপরি বলা যায় বিদ্যাগুরু এমন একটি মাধ্যম হতে যাচ্ছে যেখানে আবিরের মতো একটি টিউশনি করার জন্য কোন ধরনের বিচ্ছেদ ও বিড়ম্বনা সইতে হবে না।