২৪ জুলাই ২০১৯, ১০:৩৯

আমার ছাত্র-ছাত্রীর জীবন-মান এত নিচে দেখে লজ্জা হয়!

আমার প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা, এমনকি দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ এখনো গণরুমে থাকে। ভয়াবহ অভিজ্ঞতা তাদের। নির্ঘুম রাত কাটিয়ে ক্লাসে আসে। আমি তাদের চোখের নিচে কালি পড়তে দেখছি প্রতিদিন। শুধু এবার ন; শিক্ষক হিসেবে জয়েন করার পর গত সাত বছর থেকেই এই বাস্তবতা দেখে আসছি। অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জানতাম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে।

শিক্ষক হিসেবে আমার সুযোগ সুবিধা প্রতিনিয়ত বাড়ছে। আগে নন-এসি বাসে আসতাম; এখন এসি বাসে চলাফেরা করি। আগে ব্যাচেলর এর ছোট রুমে বাসা ছিল; এখন বড় বাসা নিয়ে থাকি। আমার শিক্ষার্থীর জীবন-মান এত নিচে রেখে শিক্ষক হিসেবে আমার লজ্জা লাগে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জাহাঙ্গীরনগরকে প্রায় সাড়ে ১৪শত কোটি টাকার উপর উন্নয়ন বরাদ্দ দিয়েছেন।

আমি চাই অবিলম্বে আমার ছেলে-মেয়েদের জন্য হল নির্মাণ করা হোক। বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষকের আরামের জন্য নয়, শিক্ষক রাজনীতির জন্য নয়; এখানে সবার উপরে স্থান পাবে শিক্ষার্থীর স্বার্থ। এসি বাসে করে ঢাকা থেকে এসে ক্যাম্পাসের হল নির্মাণের কাজে বাধা দেয়ার পক্ষে আমি নই।

লেখক: শেখ আদনান ফাহাদ
সহকারী অধ্যাপক, জার্নালিজম এ্যান্ড মিডিয়া স্টাডিজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফেসুবক থেকে সংগৃহীত