২২ জুলাই ২০১৯, ১৭:০৮

প্রিয়া সাহার বিচারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

  © টিডিসি ফটো

ট্রাম্পের নিকট ধৃষ্টতাপূর্ণ মিথ্যাচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গণে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ তুলে প্রিয়া সাহার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২২জুলাই) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

রাজনীতি বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মারুফুল ইসলাম ফারবীর সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রহমাতুল্লাহ রফিক।

মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাম্পের নিকট প্রিয়া সাহার মিথ্যাচার এবং ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির একটি অনন্য উদাহরন। এখানে বিভিন্ন ধর্মের মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এখানে সবার বসবাস। অথচ সেই দেশের নাগরিক হয়ে নিজ দেশের বিরুদ্ধে এমন মিথ্যারোপ কর্ খুবই দুঃখজনক। হ্যাঁ,দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেই সেটাকে সাম্প্রদায়িকতা হিসাবে চালানো যায়না। সাম্প্রদায়িকতার ভয়ংকর রূপ আমরা ভারতের কাশ্মীর কিংবা মিয়ানমারের রাখাইনের দিকে তাকালেই দেখতে পাই। তবে প্রিয়া সাহার বক্তব্যের জের ধরে সব হিন্দুদের গালাগালি করাটাও শোভনীয় নয়।

তাই ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করতে, প্রপঞ্চের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি বিনষ্টকারী এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতিকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টায় লিপ্ত, প্রিয়া সাহার বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো পূর্বক তাকে জবাবদিহিতা এবং বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে।