১৯ জুলাই ২০১৯, ২১:১৩

ফেল শব্দ শোনেনি মিতু, ঢাবি তার রেজাল্ট এলোমেলো করেছে: মা

  © টিডিসি ফটো

বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতুর আত্মহত্যার ঘটনা বর্ণনা দিতে গিয়ে মা সালমা বেগম অভিযোগ করে বলেছেন আমার মেয়ের মৃত্যুর একমাত্র কারণ ফেল, সে তার জীবনে কোনদিন ফেল শব্দ শুনে নাই। ক্লাস ফাইভ, এইট, মেট্রিক-ইন্টারের রেজাল্টও ভালো ছিল। কিন্তু অনার্সে এসে তার ফেল দেখাটা মেনে নিতে পারি সে। এ দুঃখেই মিতু আত্মহত্যা করে। এসময় তিনি মেয়ে মিতুর রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলোমেলো করে দিয়েছে বলেও অভিযোগ করেন।

মা সালমা বেগম বলেন আমার মেয়ে মিতু আর কখনো ফিরে আসবে না, সে চলে গেছে। আমি চাই আর কোন মিতুর যেন এভাবে চলে যেতে না হয়। এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে মূল্যায়নের কথাও জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে আত্মহত্যা করে মিতু। দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে ছাত্রীর ফুফু জানান, বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রেজাল্টে তিন বিষয়ে ফেল করে মিতু। যা মেনে নিতে না পেরে কাঠাল গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ফেলের বিষয়টি জানিয়ে মৃত্যুর আগে একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন ওই ছাত্রী।

এদিকে আজ শুক্রবার সকাল ১১টার দিকে বদরুন্নেছা কলেজের সামনে মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। মানববন্ধনে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধন থেকে শিক্ষার্থী মিতুর আত্মহত্যার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ি করেন।

মানববন্ধনে উপস্থিত মিতুর সহপাঠী তানিয়া বলেন মিতুর লক্ষ্য অনেক বড় ছিল। সে অনেক ভাল ছাত্রী ছিল। সে যে ফেল করতে পারে, এটা কখনোই আমাদের মাথায় আসেনি। সে যেখানে দুই বিষয়ে এ প্লাস পেয়েছে, সেখানে তিন বিষয়ে ফেল করে কীভাবে? আমরা তার হত্যার বিচার চাই।

এছাড়া একই দাবিতে শুক্রবারের মানববন্ধন থেকে আগামীকাল দুপুর ১১টায় প্রতিবাদ কর্মসূচী আহবান করে শিক্ষার্থীরা।