০৯ জুলাই ২০১৯, ২২:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষামঙ্গল সঙ্গীতানুষ্ঠান

  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) মহাসমারোহে বর্ষামঙ্গল সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে বর্ষাঋতুকে স্বাগত জানানো হয়েছে। সোমবার রাতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার হলে বর্ষামঙ্গল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমদ।

অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে উপাচার্য বলেন, বর্ষাঋতুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশ বহুবর্ণিল সতেজ-সবুজে ফুলে ফলে উজ্জ্বল হয়ে উঠে। এই ঋতু রং ও রূপে সজ্জিত হয়ে মানুষের মনে প্রশান্তি এনে দেয়। আমরা জানি যথাসময়ে বর্ষার আগমন না ঘটলে অতীতে গ্রামের মানুষেরা নানা নৃত্য গীত ও কৃত্যের মাধ্যমে বর্ষা আহবান করতো। শুধুমাত্র রবীন্দ্র কিংবা নজরুল নয়, সব কবিরাই বর্ষা বন্দনা করে কবিতা লিখেছেন। তবে আমরা যেনো ছয় ঋতুকেই ভালোবাসি।

বিশেষ অতিথি বিপ্লব বড়ূয়া বলেন, বর্ষার স্নিগ্ধতায় আমরা যেমন আনন্দিত হই, তেমনি এর ভয়াবহ রূপ দেখে আতংকিত হই। তারপরেও আমরা ষড়ঋতুর এই বাংলাদেশকে ভালবাসি।

স্বাগত বক্তব্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমদ বলেন, আমরা আশা করি গীতবাদ্যে মুখর হয়ে উঠুক সুর-ছন্দ রূপ-রসের আমাদের দৃষ্টি নন্দন বাংলাদেশ। অনুষ্ঠানে ‘নাচ গান গাওয়ার দল’ বর্ষা বরণের নানা গানে সঙ্গীতানুষ্ঠান মাতিয়া রাখে।