সাবেক শিক্ষকের মানহানির ঘটনায় চবি শিক্ষক সমিতির উদ্বেগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাসুদ মাহমুদ এর বিরুদ্ধে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ধারাবাহিকভাবে মর্যাদা হানিকর ফৌজদারী অপরাধমূলক কর্মকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চবি শিক্ষক সমিতি।
বুধবার চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাসুদ মাহমুদের বিরুদ্ধে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ধারাবাহিকভাবে মর্যাদা হানিকর নানা ফৌজদারী অপরাধমূলক কর্মকান্ড সংঘটন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ০২ জুলাই কতিপয় শিক্ষার্থী উক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ড. মাসুদ মাহমুদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়।
একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে এহেন ঘৃন্য ও পৈশাচিক কর্মকান্ড অতীব নিন্দনীয়। চবি শিক্ষক সমিতি সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র ও পুলিশ প্রশাসনের প্রতি অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্যেও দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।