২৮ জুন ২০১৯, ১৯:৩৮

'নভেম্বরে' জাকসু নির্বাচন

  © সংগৃহীত

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা হতে যাচ্ছে। আগামী নভেম্বরে জাকসু নির্বাচন করতে চান বলে সিনেট অধিবেশনের ভাষণে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

জাকসুর দাবিতে কয়েকটি ছাত্রসংগঠনের সিনেট অধিবেশন অবরোধের পর তিনি সিনেট ভাষণে বিষয়টি উল্লেখ করেন। অবরোধের মুখে শুক্রবার বিলম্বে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন।

শুক্রবার বিকাল ৪টায় বার্ষিক বাজেট অনুমোদনসহ বেশ কয়েকটি এজেন্ডায় ডাকা এ অধিবেশন শুরুর কথা থাকলেও শিক্ষার্থীদের অবরোধের মুখে পড়ে এক ঘন্টা বিলম্বে তা বিকেল ৫টায় শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে জাকসু নির্বাচনের দাবিতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

অধিবেশনের নির্ধারিত সময়ে সিনেটররা সিনেট হলে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। এসময় প্রশাসনের কর্তাব্যক্তিরা আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন।পরে উপাচার্য সিনেট অধিবেশনে যোগ দেওয়ার আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।

উপাচার্য ফারজানা ইসলাম তাদের ৩১ জুলাইয়ের মধ্যে জাকসুর জন্য নির্বাচন কমিশন গঠনের আশ্বাস দেন। উপাচার্যের সঙ্গে আলোচনায় ছাত্রলীগও অংশ নেয়।