চবিতে স্বল্পমূল্যে মানসম্মত খাবারের জন্য ক্যাফেটোরিয়া
স্বল্পমূল্যে মানসম্মত খাবার সরবরাহের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্র-ছাত্রীদের বহুদিনের প্রতিক্ষিত ‘স্টুডেন্টস ক্যাফেটোরিয়া’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘উপাচার্য শিক্ষার্থীদের সময়মতো স্বল্পমূল্যে মানসম্মত খাবার সরবরাহ করতে এই ক্যাফেটোরিয়া প্রতিষ্ঠা। এ ক্যাফেটোরিয়া প্রতিষ্ঠার ফলে অতীতে শিক্ষার্থীরা সময়মত খাবারের বিষয়ে যে দুর্ভোগ পোহাতো তা অনেকাংশে লাঘব হবে।’ তিনি ক্যাফেটোরিয়া খাবারের মান নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
এ সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামদ, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, বিভিন্ন বিভাগের সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।