২৪ মে ২০১৯, ১৫:২১

পেটে বোতল ঢুকিয়ে দেয়া সেই শিক্ষার্থী বহিষ্কার

  © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমকে কুপিয়ে আহত করার ঘটনায় শিক্ষার্থী প্রাঞ্জল রায়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে প্রাঞ্জল রায়কে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া শিক্ষার্থী সাজ্জাত হোসেন ডালিমের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু হলে টাকা ধার নেয়াকে কেন্দ্র করে ডালিমের সঙ্গে প্রাঞ্জল রায়, আবির ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তাসহাদুল ইসলাম রনির বিরোধ দেখা দেয়। একপর্যায়ে প্রাঞ্জল রায় পানির বোতল ভেঙে সাজ্জাত হোসেন ডালিমের পেটে ঢুকিয়ে দেয়। পরে সহপাঠীরা ডালিমকে উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠায় এবং প্রাঞ্জল ও রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, হামলার ঘটনায় প্রাঞ্জল রায়কে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশিপাশি হামলার ঘটনা তদন্তে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বরিশালের গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেন, হামলার ঘটনায় আহতের স্বজন মাহমুদুর রহমান বাদী হয়ে মেট্রোপলিটন বন্দর থানায় একটি মামলা করেন। পরে প্রাঞ্জল ও রনিকে ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠান।