ববি ছাত্রের পেটে বোতল ঢুকিয়ে দেওয়া সেই প্রাঞ্জলকে বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত অপর এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন ডালিমের পেটে পেপসির বোতল ঢুকিয়ে দেওয়ার ঘটনায় ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্র বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রাঞ্জল রায় প্রান্ত (রোল -16 SES 018)। বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘গত ২১ মে বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত ঘটনা প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবৃন্দ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী আপনি ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে (17 FIN 008, শিক্ষাবর্ষ ২০১৬-১৭) সরাসরি আঘাত করে মারাত্মকভাবে আহত করেছেন বলে প্রতীয়মান হয়েছে। এজন্য পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনাকে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ডালিমের উপর ওই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের সময় ক্যাম্পাস সংলগ্ন একটি দোকানে সাজ্জাদের সাথে প্রাঞ্জল রয় (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, ৫ম ব্যাচ), তাশাহুদ ইসলাম রনির (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ - ৫ম ব্যাচ) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদের পেটে পেপসির বোতল পেটে ঢুকিয়ে দেন প্রাঞ্জল রায় ও রনি।
এতে তার পাকস্থলি ছিদ্র হয়ে গেছে। গুরুত্বর আহত অবস্থায় সাজ্জাদ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।