ইউজিসিতে ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর আইএমসিটি বিভাগ কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ ও সমাপণী অনুষ্ঠান সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়। ইউজিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে দ্রুত, পদ্ধতিগত, কার্যকরী এবং উদ্ভাবনী সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মো. খালেদ ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোল্লা বলেন, দ্রুত এবং উদ্ভাবনী সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা স্ব-স্ব কর্মক্ষেত্রে প্রয়োগের আহবান জানান তিনি। ভাল মানুষ হয়ে জনগণের কাছে উত্তম সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি অংশগ্রহণকারীদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ, নিরপেক্ষতা, ও নাগরিক অধিকার হৃদয়ে ধারণ করার জন্য আহবান জানান।
দু’দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবুর রহমান। দেশের ০৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসি’র ৩৪ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।