পিএইচডি প্রোগ্রামের জন্য সিকিউইউয়ের সঙ্গে বিইউবিটির চুক্তি
অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (সিকিউইউ) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) মধ্যে পিএইচডি প্রোগ্রাম পরিচালনার ওপর একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তির ফলে পিএইচডি প্রোগ্রামে আগ্রহী শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনে এ স্মারক সই হয়।
ওই চুক্তি স্মারকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সই করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মো. আবু সালেহ ও সিকিউইউয়ের উপাচার্য অধ্যাপক নিক ক্লম্প। বিইউবিটির ইন্টারন্যাশনাল একাডেমিক রিলেশন্স অ্যাডভাইজরি কমিটির আহ্বায়ক এ এফ এম সরওয়ার কামাল স্মারকে সাক্ষ্য দেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিইউবিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, অধ্যাপক সৈয়দ মাসুদ হুসেন ও অধ্যাপক এম আমীর আলী। সিকিউইউয়ের পক্ষে ছিলেন অধ্যাপক হেলেন হান্টলি, অধ্যাপক লি ডি লিলিয়া, অধ্যাপক সুসান কেনার ও অধ্যাপক কামরুল আলম প্রমুখ।
সমঝোতা স্মারকের ফলে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্ত হলো। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে আগামী জুলাই মাসে বিইউবিটির পাঁচজন ফ্যাকাল্টি মেম্বার সিকিউইউতে পিএইচডি প্রোগ্রামে অংশ নেবেন।
এছাড়া সমঝোতা স্মারকের ফলে যৌথ গবেষণা প্রকল্প, কনফারেন্স, সেমিনার, কর্মশালা এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় দুটি। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নসহ আরো নানাবিধ সুবিধার কথা বলছেন সংশ্লিষ্টরা।