০৮ মে ২০১৯, ০১:১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হকারদের হামলা, শিক্ষার্থী আহত

  © ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীবাহী একটি বাসে হামলা চালিয়েছে আন্দোলনরত হকাররা। এঘটনায় আহত হয়েছেন এক শিক্ষার্থী। মঙ্গলবার বিকালে গুলিস্তানে গোলাপ শাহ্ মাজার অতিক্রমের সময় এলোপাতাড়ি ইট নিক্ষেপে করে হকাররা। এতে ভেঙে যায় চন্দ্রমুখী বাসের ফ্রন্ট কাচের কিছু অংশ। আহত শিক্ষার্থী হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ১২ ব্যাচের সাদিপ। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাসে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দুপুর ৩টায় ক্যাম্পাস থেকে স্ব-স্ব রুটের উদ্দেশ্যে রওনা করে শিক্ষার্থীবাহী বাসগুলো। বাসগুলো গোলাপ শাহ্ মাজার অতিক্রমের সময় বাঁধা দেয় ফুটপথে বসার দাবিতে আন্দোলনরত হকাররা । এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে হকাররা বাসগুলো ছেড়ে দেয়। এসময় বাসগুলো নগর ভবনের দিকে যাত্রা শুরু করলে পিছোনে থাকা কয়েকটি বাসে এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু করে হকাররা। এসময় ভেঙে যায় ফার্মগেটগামী চন্দ্রমুখী বাসের ফ্রন্টের অংশ।

চন্দ্রমুখী বাসে থাকে ১৩তম ব্যাচের শিক্ষার্থী মামুন বলেন, বাস গোলাপশাহ্ মাজারে পৌঁছলে হকরার বাস থামিয়ে দেয়। বাকবিতণ্ডারর এক পর্যায়ে তারা যেতে দিলেও আমাদের উপর এলোপাথাড়ি ইট নিক্ষেপ করে। চন্দ্রমুখী বাসের ফ্রন্টের কাচের কিছু অংশ ভেঙে গেছে।

আহত শিক্ষার্থী সাদিপ বলেন, আমি অণির্বাণ বাসের দোতালায় বসে ছিলাম । এসময় হঠাৎ একটা ইট এসে আঘাত করে। আমার কান ও ঘাড়ের কিছুঅংশ আঘাত পেয়ে কেটে যায়। পরে পিজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিই।

এ বিষয়ে পরিবহণ প্রশাসক আবদুল্লাহ-আল-মাসুদ বলেন, এরকম কিছু আমি জানি না। এ ধরণের ফৌজিদারি বিষয়গুলো প্রক্টরই প্রথম জানেন। এ বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এ বিষয়ে জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।