আদালত অবমাননার দায়ে রাবি উপাচার্যসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগে সভাপতি নিয়োগ দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানসহ প্রশাসনের ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সিনিয়র সহকারি জজ আদালতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ এই মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান।
মামলা সূত্রে জানা গেছে, ১ নং বিবাদী রাবির রেজিস্ট্রার, ২ নং বিবাদী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, ৩ নং রেজিস্ট্রার এম এ বারী এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের যোগদান করা আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম। রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালতের মামলা নাম্বার হলো মিস ভায়োলেশন ২৩/২০১৯।
বাদি পক্ষের আইনজীবী নূরে কামরুজ্জামান ইরান বলেন, গত ২১ এপ্রিল আদালতে ৬৭/১৯ নম্বর মোকদ্দমায় বাদী অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করলে ২৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি নিয়োগে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর ২৫ এপ্রিল সকাল ৯ টা ০৫ মিনিটে আদালতের প্রসেস সার্ভার নিষেধাজ্ঞার কপি নিয়ে রেজিস্ট্রার দপ্তরের হাজির হন।
কিন্তু রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা তার কাছ থেকে নিষেধাজ্ঞার কপি নেননি। ওই সময়ে তাকে বসিয়ে রেখেছেন। অবমাননাকর কথা বলেছেন। যখন ৯ টা ৫৫ মিনিটে বলা হয়েছে আপনি নিবেন কিনা তখন নেওয়া হয়েছে এবং তাকে অবমাননাকর কথা বলা হয়েছে।
তাই দেওয়ানি কার্যবিধি আইনের আদেশ ৩৯ ধারাবিধি ২ এর ৩ মতে কেন তাদেরকে সিভিল জেলে ৬ মাস আটক করা হবে না বা তাদের সম্পতি ক্রোক করা হবে না এই মর্মে মামলা দায়ের করা হয়েছে।
জানতে চাইলে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক শাহরিয়ার পারভেজ মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, আদালত অবমাননা করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি
এর আগে আইন ও ভূমি প্রশাসন বিভাগে জেষ্ঠ্যতার বিধান লঙ্ঘণ করে সভাপতি নিয়োগ দেওয়ার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এনিয়ে আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। মামলা দায়ের করেন ওই বিভাগের সংক্ষুব্ধ শিক্ষকরা। সেই প্রেক্ষিতে বিভাগ সভাপতি নিয়োগের বিষয়ে অন্তবর্তীকালীন একটি নিষেধাজ্ঞাও আরোপ করেন আদালত। তবে আদালতের কাগজ পৌছানোর আগেই ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় ওই বিভাগে সভাপতি হিসেবে যোগদান করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।
বিভাগ সূত্রে জানা যায় ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেন। যদিও এই নিয়োগ অবৈধ বা বিধি সঙ্গত হয়নি বলে দাবি করেছেন বিভাগটির শিক্ষকরা।
তাদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২৯ ধারা ‘দ্যা ফাস্ট স্টাটাস অফ দ্যা ইউনিভার্সিটিথ এর ৩ এর ১ ধারা লঙ্ঘন করে গত ২১ শে এপ্রিল আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে আইন ও ভূমি প্রশাসন বিভাগে প্রেষণে একই পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে ২৫ এপ্রিল থেকে ওই বিভাগে তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং সাবেক সভাপতি বিশ্বজিৎ চন্দকে আবারও আইন বিভাগে ফেরত পাঠানো আদেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহরিয়ার পারভেজ ও সাবেক সভাপতি ড. বিশ্বজিৎ চন্দ বাদী হয়ে রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ২৪ এপ্রিল বুধবার চলতি বছরের ২৭ শে জুন পর্যন্ত অন্তঃবর্তী কালিন নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, অধ্যাপক শাহরিয়ার পারভেজ ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় আইন বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পান এবং ২০১০ সালে পদন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হন। পরে ২০১৬ সালে ৪৬৬তম সিন্ডিকেট সভার ৫৯তম সিদ্ধান্ত মোতাবেক তাকে আইন বিভাগ হতে আইন ও ভূমি প্রশাসন বিভাগে স্থায়ীভাবে স্থানান্তর করা হয়। কিন্তু জ্যেষ্ঠতার ভিত্তিতে সভাপতি হওয়ার যোগ্য হওয়া সত্তে¡ও তাকে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে আইন বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।