৪ দাবিতে চবি শিক্ষার্থীদের মানববন্ধন
হলের খাবারের সমস্যাসহ চার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল মাষ্টার দ্যা সূর্যসেন হলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের (১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরিদুল আলম স্মরণের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবি গুলো তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, সূর্যসেন হলে ছাত্র-ছাত্রী উভয়ের ভিন্ন ভিন্ন ব্লক রয়েছে। কিন্তু হলে বাবুর্চি সংকট প্রকট আকার দেখা দিচ্ছে। ফলে ম্যানেজার যেমন ইচ্ছে তেমন খাবার রান্না করছে। আমরা এমন অখাদ্য খাবার খেতে চাই না। তাছাড়া হলের মালি, সুইপার কিছুই নেই। এমনকি কোন গার্ড না থাকায় সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত নেই। আমরা এসবের প্রতিকার চাই।
এসময় তারা চারটি দাবি তুলে ধরেন:
১. হলের (ছাত্র ও ছাত্রী ব্লকে) দু’জন সহকারী ও দু’জন প্রধান বাবুর্চি নিয়োগ দিতে হবে।
২. দু’জন সুইপার নিয়োগ দিতে হবে।
৩. হল গার্ডের ব্যবস্থা করতে হবে।
৪. এবং খাবারের মান উন্নয়নসহ সকল সমস্যা সমাধান করতে হবে।
মানববন্ধনস্থলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। এসময় উপাচার্য বলেন, ইউজিসি থেকে কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিচ্ছে না। এমনকি আমরা ইতোপূর্বে দৈনিক ভিত্তিতে বেশ কয়েকজন কর্মচারী নিয়োগ দেয়াতে নানান আলোচনা-সমালোচনাও হয়েছে। তবুও আমি তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো।