০১ মে ২০১৯, ২২:১৭

বিসিএস পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন জবি ছাত্রলীগ নেতা

ক্যাম্পাসে নানা প্রকার মানবিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক কর্মকান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাজমুলকে প্রারম্ভ হতেই দেখা যায়। কিছুদিন আগে পহেলা বৈশাখে পথশিশুদের মাঝে খাবার, টি-শার্ট ও খেলনাসহ নানা উপকরণ প্রদান করে বেশ প্রশংসিত হন।

এরই ধারাবাহিকতায় বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় উন্মুক্ত পাঠাগারে ৪০তম বিসিএস প্রিলিতে অংশগ্রহণকরী শিক্ষার্থীদের কলম, পেন্সিল, রাবার, কাটার, ম্যাপসহ নানা শিক্ষা উপকরণ দিয়ে শুভ কামনা জানালেন জবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম।

পাঠাগারে অধ্যয়নরত প্রায় শতাধিক পরীক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও ছাত্রলীগের শতাধিক কর্মী উপস্থিত ছিল। এ সময় গত কয়েকবারের মত দেশের সর্বোচ্চ মেধা যাচাই ও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম বিসিএস পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবারো ধরে রাখার প্রত্যাশা করা হয়।

নাজমুল বলেন, এবারের ৪০তম বিসিএস প্রিলি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহনকারী সকলের জন্য শুভ কামনা জানিয়েছেন প্রিয়নেতা গোলাম রব্বানী ভাই। আজ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিলাম। সর্বদা এমন সৃষ্টিশীল কিছু করার অনুপ্রেরণা পাই আমার নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ভাইয়ের অজস্র মানবিক কর্মকাণ্ড হতে।