‘ডাইরেক্ট এ্যাকশন’ স্লোগানে পণ্ড হলো স্মারকলিপি প্রদান
সাত কলেজের স্মারকলিপি দিতে গিয়ে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পূর্বঘোষিত কর্মসূচির অংশবিশেষ সাত কলেজের শিক্ষার্থীদের নিজ ক্যাম্পাসে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়ার কথা ছিলো। সে অনুযায়ী শনিবার বেলা ১১টায় তিতুমীরের শিক্ষার্থীরা ‘ডাইরেক্ট এ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিতে যান। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাঁধা প্রদান করেন।
এদিকে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ বাঁধা প্রদানের বিষয়টি অস্বীকার করে বলছেন, স্মারকলিপি প্রদানের নামে ক্যাম্পাসে ‘এ্যাকশন, এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয় ওই শিক্ষার্থীরা। পরে তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের কাছে কোন ধরনের স্মারকলিপি পাওয়া যায়নি।
স্মারকলিপি প্রদানে নেতৃত্বদানকারী কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থবর্ষের শিক্ষার্থী সোহেল মৃধা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে আমরা দুপুরের দিকে স্মারকলিপি নিয়ে যাচ্ছিলাম। ক্যাম্পাসে গিয়ে আমরা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের জড়ো করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ডেকে নিয়ে যায়। তিনি বলেন, শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়াসহ অনেকে জিজ্ঞাসাবাদের নামে আমাকে বিভিন্নভাবে মানসিক হয়রানি করে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমাকে বসিয়ে রাখা হয়।
ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিক তাজ জানান, আমরা দুপুরের দিকে হল থেকে ক্যাম্পাসে আসছিলাম। ক্যাম্পাসে দেখি কিছু ছাত্ররা মিছিল করতেছে। তাদের পরিচয় জানতে গিয়ে দেখা যায় তারা ছাত্রলীগ বা ছাত্রদলও না। কিন্তু তারা রাজনৈতিক বিভিন্ন স্লোগান দিচ্ছিলো। তিনি বলেন, এজন্য ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি ডেকে তাদের সাথে কথা বলেছেন।
তবে প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলছেন, তাদেরকে সরকার বিরোধী বা উস্কানিমূলক কোন স্লোগান দিতে দেখা যায়নি। তবে ‘সাত কলেজের এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন- তিতুমীরের একশন, ডাইরেক্ট এ্যাকশন’ এ ধরনের স্লোগান দিতে দেখা গেছে।
সাত কলেজের আন্দোলনের অন্যতম আহবায়ক বিএম শাহীনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাকে কেউ কিছু জানায়নি বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন ঢাকা, ইডেন ও বাঙলা কলেজসহ এগুলোতে আমারা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়েছি। পরে তিনি এ বিষয়ে বিস্তারিত জানবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ক্যাম্পাস ছাত্রলীগ সভাপতি রিপন মিয়া জানান, দুপুরের দিকে কিছু ছেলে মিছিল নিয়ে ক্যাম্পাসে ঘুরছিলো। হঠাৎ তারা মিছিলে উগ্রপন্হী কিছু স্লোগান দিতে থাকে। তারপর আমরা ডেকে তাদের সাথে কথা বলেছি। তিনি জানান, মিছিলে নেতৃত্বদানকারী সোহেল মৃধার কাছে কোন স্মারকলিপি পাইনি। পরে তাদের বুঝিয়ে বলেছি, তারা চলে গেছেন।
তবে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতির অভিযোগের ভিত্তিতে তাদের হাতে কোন স্মারকলিপি ছিলো না এমন প্রশ্নের জবাবে সোহেল জানান, এসময় আমাদের তিতুমীরের সমন্বয়ক মামুনের হাতে স্মারকলিপিটা ছিলো। আমার কাছে ছিলো না।
সাত কলেজের শিক্ষার্থী হিসেবে সভাপতি এবং ছাত্রলীগেরও স্মারকলিপির দায়বদ্ধতা রয়েছে এমন প্রশ্নের জবাবে রিপন জানান, সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি একই। তবে আমরা ঢাবির আশ্বাসের ব্যাপারে শ্রদ্ধাশীল। আগামীকাল উপাচার্য স্যারের সাথে অধ্যক্ষদের সভার কথা বলা রয়েছে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি।