২৬ এপ্রিল ২০১৯, ২০:৫০

এবার চবি ছাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ!

  © ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বর্ষা চৌধুরীকে লোকাল বাসে শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চলন্ত বাস থেকে এক ছাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের এক ছাত্রী বাসের চালক ও সহকারী ফেলে দেন বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ মডেল থানায় গত ২৪ এপ্রিল একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর এক সহপাঠী।

চবি সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশিদ শাহরিয়ারের দায়ের করা অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) রাত ৯টা ৪৫ মিনিটে তিনি ও তার বান্ধবী আফসানা ফেরদৌস ১০ নম্বর বাসে নগরীর জি.ই.সি মোড় থেকে মুরাদপুর যাচ্ছিলেন। মুরাদপুর আসার পর তিনি নেমে গেলেও বান্ধবী নামার আগেই বাস ছেড়ে দেয়।

কিছুদূর যাওয়ার পর বান্ধবীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের চালক ও সহকারী। তিনি তিনি গুরুতর আহত হন।

মামলার বিষয়ে রাশিদ শাহরিয়ার বলেন, ‘আমাদের নেমে যাওয়ার জন্য বাস থামায়নি। একটু স্লো করেছিল মাত্র। এর ফলে আমি চলন্ত বাস থেকে নামতে পারলেও বান্ধবী নামতে ভয় পাচ্ছিল। সে বাস থামাতে বললে চালক তার উপর ক্ষেপে যায়। একপর্যায়ে সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।’

তিনি বলেন, এতে আফসানার হাত ও পায়ের বেশ কযেকটি জায়গা কেটে যায় ও রক্তক্ষরণ হতে থাকে। তখন তাকে পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে থাকা ডাক্তার দেখানো হয়। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। তবে তারা বাসের ওই বাসের নম্বর জানে না। বাসটি শনাক্ত হলে ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’