প্রতিবন্ধীদের মাঝে হাসিমুখ’র প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতে তাদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি কনফারেন্স রুমে এ সমগ্রী বিতরণ করা হয়।
ময়মনসিংহ সদরের প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে এই সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. আবুসালেহ মাহফুজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. তানভীর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েল সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক. ড. মো. মোক্তার হোসেন, ফসল উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. এ এক এম জাকির হোসেন সহ সংগঠনটির সদস্যবৃন্দ।
হাসিমুখের সাধারণ সম্পাদক ইফতেখার নাইম বলেন, প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতেই আমাদের হাসিমুখ সংগঠনের এই প্রচেষ্ঠা। গত ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে স্থাপিত হাসিমুখের স্টল থেকে অর্জিত অর্থ দিয়েয় প্রতিবন্ধীদের মাঝে খাবার এবং তাদের ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের আজকের এই উদ্যেগ নেয়া হয়েছে।