২৩ এপ্রিল ২০১৯, ১৮:২৫

রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু বৃহস্পতিবার

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন।  © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আঞ্চলিক ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা)’র উদ্যোগে এ সম্মেলনটির আয়োজন করা হয়।

আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার সম্মেলনটি শুরু হবে। সম্মেলনটি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে উদ্বোধন করার কথা রয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের মহাসচিব ইমরুল হাসান।

তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে থাকছে ৫টি কমিটি। অংশগ্রহণকারীরা প্রত্যেকটি কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করবেন। কমিটিগুলো হলো- জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, বাংলাদেশ বিষয়ক বিশেষ কমিটি ও আন্তর্জাতিক প্রেস।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রুমুনা’র উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা।

২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান গ্যালারীতে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে রাজশাহী-রংপুর বিভাগের প্রায় ২৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।