শিক্ষা প্রতিষ্ঠান হলো আলোর হারিকেন: ইউজিসি চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান করা মানে ঐ এলাকাকে আলোকিত করা। শিক্ষা হচ্ছে আলো, প্রকৃত শিক্ষার অভাবে মানুষ অন্ধকারাচ্ছন্ন থাকে। একটি শিক্ষা প্রতিষ্ঠান মানে আলোর হারিকেন, শিক্ষা যত বাড়বে আলোর ব্যাপ্তিও ততই বাড়বে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন। জামালপুর শহরে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামালপুরের কৃতী সন্তান, শিক্ষা অনুরাগী, ৬ বারের নির্বাচিত জামালপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব মির্জা আজম এমপি, জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য, অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সামসুদ্দিন আহমেদ, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান প্রমুখ।
বিশ্ববিদ্যালয়টি ২০১৭ সালে অনুমোদন পাওয়ার পর ২০১৯ সালের মার্চ ৩১ তারিখে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়টি ৪টি অনুষদের ৪টি বিষয়ে পাঠদান শুরু করেছে। পরে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আলমগীর কবির ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বীপক চন্দ্র বর্মন এই দুই শিক্ষার্থীকে জেলা পরিষদের পক্ষ হতে প্রত্যেককে ২০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।