নুসরাত হত্যার বিচার চেয়ে কুবিতে মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে। এসময় বক্তারা নুসরাত হত্যার সাথে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান করেন।
বিশ্ববিদ্যালয়ে ১১তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার এত বছর পরে যদি আমরা এখানে বিচারের দাবি নিয়ে দাড়াতে হয় তাহলে কি মূল্য এই স্বাধীনতার। দেশে মাদকের সাথে জড়িতদের যেভাবে ক্রসফায়ারে মারা হয়েছে তেমনি কয়েকজন ধর্ষক ও হত্যাকারীকে ক্রসফায়ারে মারা হোক। তাহলে আর কেউ এমন অনৈতিক কাজ করতে সাহস পাবে না।’
বিশ্ববিদ্যালয়ে ৭ম ব্যাচের মাজহারুল ইসলাম হানিফ বলেন, ‘বাংলাদেশের প্রত্যেক বাবা-মা তাদের মেয়েদের নিয়ে শঙ্কিত। আজ কোথাও আমাদের বোনেরা নিরাপদ নয়। বাড়িতে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদেরকে যৌন হয়রানির স্বীকার হতে হয়।’