নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবি চবি শিক্ষার্থীদের
ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। অভিযুক্ত যৌন নিপীড়নকারী অধ্যক্ষ সিরাজদ্দৌলা এবং নুসরাতকে পুড়িয়ে পরিকল্পিত হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম আলো বন্ধুসভার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় তারা ‘ধর্ষণ নারীর লজ্জা নয়, পুরুষ তুমি মানুষ হও’, ‘অপরাধীর বিচার চাই’ স্লোগান দিতে থাকে। পাশাপাশি নারীকে নারী নয়, মানুষ ভাবুন এ ধরণের প্ল্যাকার্ড করে প্রতিবাদ জানায় তারা।
চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কায়কোবাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আব্বাস, আকলিমা আক্তার, বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সাদাতসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিচার না হওয়ার কারণে ঘটনার পুনরাবৃৃত্তি ঘটেই চলছে। এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকে নারীরা কোথাও নিরাপদ নয়। আমরা দ্রুত সময়ে এর প্রতিকার চাই। ধর্ষকদের একাটাই শাস্তি হওয়া উচিৎ। আর সেটা হলো মৃত্যুদণ্ড।
বক্তারা বলেন, একজন মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে এমন ঘৃণিত কাজ অন্তত কেউ আশা করেনি। এ থেকে আবারও প্রমাণ হলো যে নারীরা কোথায় নিরাপদ নয়। তাই আইন সংস্কারের পাশাপাশি আইনের প্রয়োগ অত্যন্ত জরুরী। প্রয়োজনে চলমান আইনে এসবের সমাধান না হলে নতুন আইন তৈরী করতে হবে।