জাবিতে ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনের দাবিতে মানববন্ধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের জন্য নিজস্ব ভবন নির্মাণ এবং ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অমর একুশের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এইসময় ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুম্মিতা মরিয়ম বলেন,‘বিশ্ববিদ্যালয় আজকে কিভাবে অর্থ আয় করা যায় সেদিকে চিন্তা করছে। কিন্তু একটি অনুষদের ক্লাস করার জায়গা নাই সেদিকে মনোযোগ দিচ্ছে না।’
এছাড়াও মানববন্ধনে ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখে, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুনতাসির আরমান, ছাত্রফ্রন্টের সংগঠক কনজ কান্তি রায় প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আইন অনুষদের ক্লাসরুম সংকট নিরসনের দাবিসহ অন্যান্য দাবিগুলো উপস্থাপন করেন।
এদিকে মানববন্ধনে সংহতি জানাতে সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।