ইবিতে পরিবহন সংকট: মহাসড়কে বাস আটকে ছাত্রীদের বিক্ষোভ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবহন সংকটের কোন স্থায়ী সমাধান হচ্ছে না। এর ফলে দিনকে দিন বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। পরিবহন সংকটের কারণে গতকাল বুধবার কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বাস আটকে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীরা।
ছাত্রীদের পরিবহনের জন্য নির্ধারিত বাস না থাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুষ্টিয়ার কাস্টম মোড় থেকে ছেড়ে আসা ক্যাম্পাসের একটি বাস বটতৈল বাজারে থামিয়ে দেয় তারা।
ঘটনা স্থলে থাকা ছাত্রীরা জানান, প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার ট্রিপে কুষ্টিয়া থেকে শিক্ষার্থী পরিবহনের জন্য তিনটি বাস বরাদ্দ রয়েছে। এরমধ্যে একটি বড় বাস ছাত্রীদের জন্য বরাদ্দ। বুধবার এই বাসটি কাস্টম মোড়েই ছাত্রীদের দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ভিতরে কোন জায়গা ফাঁকা ছিল না।
এরপর কয়েকজন অতিরিক্ত ছাত্রী বাসে উঠলে ঠাসা ঠাসি করে বটতৈল বাজার পর্যন্ত আসে তারা। এসময় সেখানে আরো সাতজন ছাত্রী ক্যাম্পাসে আসার জন্য বাসের অপেক্ষায় দাড়িয়ে থাকে। জায়গা সংকটের কারণে তারা বাসে উঠতে না পারায় বাসে থাকা অন্যান্য ছাত্রীরা ক্ষুব্ধ হয়ে নেমে আসেন এবং বিক্ষোভ করতে থাকেন।
এরপর তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসককে অবহিত করেন। এর মধ্যে কুষ্টিয়া শহর থেকে ছেড়ে আসা একটি ডাবল ডেকার ও একটি বড় বাস শিক্ষার্থীদের পাশ কাটিয়ে চলে যায় কিন্তু তাদেরকে বাসে নেয়নি। এর ফলে ওই অবস্থায় ছাত্রীরা প্রায় এক ঘন্টা রাস্তায় দাড়িয়ে থাকেন।
পরে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিনা নাসরিন ও প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান ঘটনা স্থলে উপস্থিত হন। তারা ছাত্রীদের বিভিন্ন প্রশ্ন করেন। এতে ছাত্রীরা আরো উত্তপ্ত হন। পরে প্রক্টর একটি মাইক্রো বাসের ব্যবস্থা করেন। এতে ৮-১০ জন ছাত্রী ক্যাম্পাসে আসেন বলে জানা যায়।
এ বিষয়ে ভূক্তভোগী কয়েকজন ছাত্রী অভিযোগ করে বলেন, ‘বেশ কিছু দিন থেকে বাসে ঠাসা ঠাসি করে আমরা ক্যাম্পাসে যাতায়াত করছি। ছাত্রীদের পরিবহনের জন্য একটি মাত্র বাস। শিক্ষার্থী বেড়েছে কিন্তু বাস বাড়েনি। এভাবে যাতায়াত বেশ অসহ্যকর। এই সমস্যার স্থায়ী সমাধান চাই।’
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক গাড়ির রিকুইজেশন আছে। বুধবার সাধারণত গাড়ি মেরামতে দেয়া থাকে। তাই তাৎক্ষণিক বাস দেয়া সম্ভব হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের বিষয়ে তিনি বলেন, ‘পরিবহন সংকট নিরসনের জন্য আমরা ইতোমধ্যে কয়েকটি নতুন বাস কেনার উদ্যোগ নিয়েছি। গত সিন্ডিকেট সভায় বিষয়টি পাশ হয়েছে। আশা করি এ সমস্যা আর থাকবে না।’