০৭ এপ্রিল ২০১৯, ১১:৫৫

মদপানে রাবির ২ শিক্ষার্থীর মৃত্যু, অসুস্থ রুয়েট ছাত্র

অতিরিক্ত মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। এ ঘটনায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আরেক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুর্য রায় ও আইন বিভাগের শিক্ষার্থী মুহতাসিম রাফিদ খান। উভয়ই ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

তুর্য রায় নগরীর মোন্নাফের মোড় এলাকার সাইফ টাওয়ারের ২১৪ নং রুমে থাকতেন। তার বাড়ি নীলফামারী জেলায়। আর মুহতাসিম রাফিদ খান নগরীর ভদ্রা এলাকার আল সাবিল টাওয়ারের ৪০৫ নং রুমে থাকতেন। তার বাড়ি খুলনায়।

বিষয়টি নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর জানান, গতকাল রাতে নগরীর মোন্নাফের মোড় এলাকার একটি মেসে ওই দুই শিক্ষার্থী মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ভোর ৫টার দিকে একজন এবং সকাল ৮টার দিকে অন্যজন মারা যান।

স্থানীয়রা জানায়, শুক্রবার তিন শিক্ষার্থী মদপান করেন। অতিরিক্ত মদপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পেছনে রামচন্দ্রপুর এলাকার বাশার রোডের একটি মেস থেকে তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রবিবার সকালে দুইজন মারা যান। অন্যজন চিকিৎসা নিচ্ছেন।

মেস বাড়ির মালিক আলফাজ হোসেন জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মু’তাসিম মারা যান। সকাল ৮টার দিকে মৃত্যু হয় তূর্যের। অপর শিক্ষার্থী ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।