ফেসবুকে যৌন হয়রানি, রাবি ছাত্রীর জিডি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শুক্রবার ওই রাবি ছাত্রী মতিহার থানায় এ বিষয়ে একটি জিডি করেন।
জিডিতে ওই ছাত্রী উল্লেখ করেন, ৪ এপ্রিল মধ্যরাতে ‘আর ইউ ক্রাশ এ্যান্ড হেইট কনফেশন’ নামক ফেসবুক পেজে তার ছবিসহ একটি পোস্ট দেয়া হয়। পোস্টে ওই ছাত্রীর সম্মানহানি করে আপত্তিকর ও বিব্রতকর কথাবার্তা লেখা হয়। এ বিষয়ে পেজটির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরও পোস্ট সরিয়ে না নেয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জিডি করেন রাবি ছাত্রী।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, রাবি ছাত্রীর জিডি পেয়েছি। ব্যবস্থা গ্রহণের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ছাত্রীটি আমার কাছে এসেছিল। আমি মতিহার থানায় যোগাযোগ করে থানায় অভিযোগ করতে বলি তাকে।