০৩ এপ্রিল ২০১৯, ২০:০৪

রাবিতে ১০ টাকায় রাইড শেয়ার

রাইড শেয়ার সেবাদাতা মাসুদ পারভেজ  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো চালু হয়েছে রাইড শেয়ারিং সেবা। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী মাসুদ পারভেজ ব্যক্তি উদ্যোগে ক্যাম্পাসে এ রাইড শেয়ারিং সেবা চালু করেন। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত ক্যাম্পাসে চালু থাকবে এ সেবা।

মাসুদ পারভেজ জানান, রাইড শুরুর পাঁচ মিনিট আগে ফোন বা এসএমএসের মাধ্যমে ক্যাম্পাসে নিজের অবস্থান সম্পর্কে জানাতে হবে। পাঁচ মিনিট পরই আপনার ঠিকানায় রাইড পৌঁছে যাবে এবং পৌঁছে দিবে গন্তব্যে। ক্যাম্পাসের ভেতর যে কোনও স্থানে যেতে রাইড চার্জ মাত্র ১০ টাকা গুণতে হবে।

পারভেজ বলেন, লেখাপড়ার পাশাপাশি দীর্ঘদিন যাবত কিছু করার ইচ্ছা ছিল। সেই চিন্তা-ভাবনা থেকে উবার, পাঠাওয়ের ধারণা কাজে লাগাই। এতে আমার আর্থিক সুবিধার পাশাপাশি শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। ক্যাম্পাসে আশানুরূপ সাড়া পেলে এ সেবাকে অ্যাপের আওতায় আনা হবে এবং প্রয়োজনে মোটরসাইকেলও বাড়ানো হবে। ছাত্রীদের জন্য ছাত্রী নিয়ন্ত্রিত চালক থাকবে। এ সেবার আওতায় ছাত্রীদের নিয়ে আসার চেষ্টা করবে বলেও জানায় মাসুদ পারভেজ।

ক্যাম্পাসে নিজের রাইড নিশ্চিত করতে বা বিস্তারিত জানতে যোগাযোগ: মাসুদ পারভেজ, মোবাইল নং: ০১৭২৮৮৬০৫০০।