০৩ এপ্রিল ২০১৯, ১৭:০৪

প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব

  © টিডিসি ফটো

নানা আয়োজনে চট্টগ্রাম কলেজে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে কলেজ অডিটরিয়ামে কলেজ কর্তৃপক্ষ এক আলোচনা সভার আয়োজন করে। সভার সহযোগিতায় ছিল যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কলেজ ইউনিট। ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যেকে সামনে রেখে দেশব্যাপী বুধবার দিবসটি পালিত হয়েছে।

কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে ও চট্টগ্রাম নিষ্পাপ অটিজম স্কুলের অধ্যক্ষ বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মজিবুল হক চৌধুরী। আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন নিষ্পাপ অটিজম অধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা: বাসনা মুহুরী, প্রফেসর ডা: মাহমুদ এ চৌধুরী আরজু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ প্রতিবন্ধী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কর্মসংস্থান ও ভাতা প্রদানসহ তাদের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এতে করে প্রতিবন্ধীরা এখন সমাজ বা পরিবারের বোঝা নয়। এখন অনেকেই নিজেদের প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।এর আগে ক্যাম্পাসে একটি র‍্যালী বের হয়। এটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে।

এদিকে, আলোচনা সভার পর যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিটের যুব প্রধান মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে একটি সেচ্চাসেবী দল নগরের প্রবর্তক মোড়স্থ অটিজম স্কুলে গিয়ে শিশুদের সাথে সময় কাটান ও দুপুরের খাবার বিতরণ করেন।