চবি শেখ হাসিনা হলে সিট বরাদ্দের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হল উদ্বোধনের ৪বছর পার হলেও এখনো চালু হয়নি আবাসন ব্যবস্থা। আবাসন সংকট নিরসনে হলটিতে সিট বরাদ্দের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্নি বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। পরে আগামী রবিবার থেকে হলের ফরম বিতরণ করা হবে বলে আশ্বাস দেন উপচার্য।
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপি প্রদান করতে যান। উপাচার্যকে না পেয়ে কলা ও মানববিদ্যা অনুষদের নবীন বরণ অনুষ্ঠানে এসে শিক্ষার্থীরা প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরীকে দাবি-দাওয়া জানান। প্রক্টর দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও উপাচার্যের সাথে দেখা করতে সেখানে অবস্থান কর্মসূচি পালন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্রীরা। পরে উপাচার্য বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। আলোচনায় শিক্ষার্থীরা দাবি-দাওয়া পেশ করেন।
এসময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করেই বিলম্ব করা হচ্ছে। আগামী রবিবার থেকে হলে উঠার ফরম বিতরণ করা হবে এবং এ মাসের শেষের দিকে হলে উঠার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের তুলে ধরা সুনির্দিষ্ট চার দাবি-
১. পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে ‘জননেত্রী শেখ হাসিনা হল’র ছাত্রীদের আসন বরাদ্দের জন্য ফরম বিতরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. পরবর্তী সাত দিনের মধ্যে হলের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে এবং যথোপযুক্ত নিরাপত্তা প্রদান করে ছাত্রীদের বসবাস উপযুক্ত করতে হবে।
৩. মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১৫ দিনের মধ্যে হলে সিট বরাদ্দ দিয়ে অবস্থান নিশ্চিত করতে হবে।
৪. হলের বর্ধিত অংশের কাজ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
এর আগে ২০১৫ সালের ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সর মাধ্যমে হলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাসিক এ হলটিতে শিক্ষার্থীদের অ্যাটাচম্যান্ট দেওয়া হলেও আসন বরাদ্দ দেওয়া হয়নি বলে দাবি শিক্ষার্থীদের।
পদার্থবিদ্যা বিভাগের আশরাফি নিতুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুবর্ণা আক্তার ফাল্গুনি, আইইআর ইনস্টিটিউটের শিক্ষার্থী আরিফ শাহরিয়ার এবং নিশাত নাওয়াল রাফা।
বক্তারা বলেন, চার বছর আগে শেখ হাসিনা হলের উদ্বোধন করা হয়। এটাচমেন্ট পেয়েও আমাদের থাকা হচ্ছে না। বারবার এলোটমেন্ট দেওয়ার তারিখ দিচ্ছে কিন্তু কোনো কার্যকারিতা নেই। অন্য হলে অতিথির মত থাকতে হচ্ছে আমাদের। থাকতে হচ্ছে গণরুমগুলোতে। কেউবা আবার চড়া দামে থাকছে কটেজে। যেখানে কটেজে পর্যাপ্ত পরিমাণ বিদ্যৎ, পানি, ইন্টারনেট সুবিধা ও পড়াশোনার পরিবেশ নেই। প্রশাসনের দ্বারস্ত হলে উনারা বলেন, তোমাদেরকে যে হলে থাকতে দেওয়া হয়েছে, তাও অনেক বেশি।
বক্তারা আরও বলেন, হলে শিক্ষার্থীদের এলোটমেন্ট না দিয়েই প্রভোস্ট, আবাসিক শিক্ষকরা তাঁদের যাবতীয় অফিস কক্ষ ও প্রশাসনিক সুযোগ-সুবিধা গ্রহণ করছেন।
উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. হেলাল উদ্দীন, সহাকারী-প্রক্টর লিটন মিত্র এবং হলের আবাসিক শিক্ষক সুলতানা সুকন্যা বাশার।