বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের একাত্মতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ নিয়ে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘বলেছিলাম, শিক্ষার্থীদের সকল নৈতিক এবং যৌক্তিক দাবীর সাথে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণ সমর্থন রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর সাথে একাত্মতা প্রকাশ করছি।’
জানা যায়, ২৬ শে মার্চ উপাচার্যের গার্ডেন পার্টি আয়োজনের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে অবহিত করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। শিক্ষার্থীরা এ অভিযোগ এনে, ওইদিন থেকে আন্দোলন নামেন। পরে আন্দোলন থামাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করেন কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে যান।
সর্বশেষ, সোমবার আন্দোলনের সপ্তমদিন সোমবার দুপুরে উপাচার্যের পদত্যাগ চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। এসময় তারা উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
এদিকে, আন্দোলনের অষ্টম দিন মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক ভবনের নিজ তলায় অবস্থান কর্মসূচি নেয় শিক্ষার্থীরা। বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হয় আল্পনা আঁকা ও দেয়াল লিখন। তাঁরা একাত্মতার দেওয়াল, ‘দাবায়ে রাখতে পারবে না,’ ‘বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার জায়গা, ক্যান্টনমেন্ট নয়’ ইত্যাদি শিরোনামে দেওয়াল লিখেন। এসময় তারা প্রশাসনিক ভবনের নিজ তলা, শহীদ মিনার, শেখ হাসিনা হলে আলপনা আঁকেন।