০২ এপ্রিল ২০১৯, ১০:২৭

প্রশাসনের উদাসীনতায় অরক্ষিত কুবির বিশ্বরোড সংলগ্ন গেইট

  © টিডিসি ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড সংলগ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গেইটটি প্রশাসনের উদাসীনতার দরুণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে। নামফলকের অক্ষর উঠে যাওয়াসহ গেইটের বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টারে ছেয়ে থাকলেও প্রশাসনের সেদিকে নজর নেই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত গেইটটিতে থাকা বিশ্ববিদ্যালয়ের নামের একটি অংশ উঠে গেছে। গেইটটি ছেয়ে আছে বিভিন্ন ওয়াজ মাহফিল এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের পোস্টারে। নামফলকের একটি অংশ রঙ দিয়ে মুছে দেয়া হয়েছে। আর অপরাংশের নামফলকের নাম ভালোভাবে বুঝা যায় না। প্রশাসনের তদারকি না থাকায় গেইটটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

গত বছরের ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নামফলকবিশিষ্ট এই গেইটটি পরিস্কার করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় গেইটের নামফলকের একাংশে থাকা বেগম খালেদা জিয়ার নামসহ বিএনপি সরকারের মন্ত্রীদের নাম রঙ লাগিয়ে মুছে ফেলা হয়। তবে তবে ৭ মাস পেরিয়ে গেলেও সেই রঙ উঠায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মো: মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একমাত্র নামফলকবিশিষ্ট গেইট তাও বিশ্ববিদ্যালয় থেকে ৩ কিলোমিটার দূরে। এই গেইটটি দেখাশুনা না করায় নামফলকের একটি অংশ উঠে গেছে অনেকদিন হলো। কিন্তু প্রশাসনের সেদিকে কোন নজর নেই।’

বেলতলী বিশ্বরোড সংলগ্ন গেইটের বিষয়ে এস্টেট শাখার সহকারী রেজস্ট্রার মো: মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখায় লোকবল সংকটের কারণে অনেক কিছুই চাইলেও করা যাচ্ছে না। প্রশাসনিক ভবনে মাত্র একজন কাজ করছে। বাড়তি দেখাশোনার লোক নাই। রেজিস্ট্রার স্যার আমাকে বলেছেন। আমি ইঞ্জিনিয়ার দপ্তরের সাথে কথা বলে যা যা সমস্যা আছে সমাধান করবো।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘বেলতলী বিশ্বরোডের যে গেইটটি আছে সেটির বিষয়ে আমি এস্টেট শাখাকে বলে দিয়েছি। তারা কি কি সমস্যা সেটি খুঁজে বের করে সমাধানের ব্যাবস্থা করবে।’