জবি ও কবি নজরুল শিক্ষার্থীদের সংঘর্ষ, ব্যাপক ভাংচুর
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবি নজরুল কলেজের ভেতরে শ্রেণিকক্ষে, আসবাবপত্র ও বাহিরে রাখা প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে। এদিকে, সংঘর্ষের ঘটনার বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের গাড়ি অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। সংঘর্ষের সময় এইসএসসি পরীক্ষা চলছিল কলেজে।
সূত্র জানায়, রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কবি নজরুল কলেজের গেটের সামনে অবস্থিত চা-দোকানে গেলে সেখানে কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জবির ওই শিক্ষার্থীকে মারধর করে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এতে জবির একদল শিক্ষার্থীরা সোমবার দুপুর ১টার দিকে কবি নজরুল কলেজের সামনে গেলে মারামারির সূত্রপাত হয়।
পরে জবি শিক্ষার্থীরা কলজের ভেতরে প্রবেশ করে প্রায় অর্ধশতাধিক মোটর সাইকেল, শ্রেণি কক্ষের আসবাবপত্র, সিসি টিভি ক্যামেরা, ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট মেশিন ও কম্পিউটার ভাঙচুর করে। পরে বিকাল ৫টার দিকে কলেজের প্রধান অধ্যক্ষ ক্যাম্পাস থেকে বের হলে তার গাড়ি অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।
এসময় তারা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা ও এ ঘটনার সাথে জড়িতদের বিচারে ব্যবস্থা নেয়ার দাবিতে মিছিল করতে থাকে। এক পর্যায়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কলেজ ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে অধ্যক্ষের গাড়ি ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের প্রধান শিক্ষক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, সার্বিক বিষয়ে আমরা এখন ক্যাম্পাসের সিকিউরিটি নিয়ে চিন্তিত। ঘটনার সময় ২০ গজ দূরেই পুলিশ বসে ছিলো, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার আমাদের জরুরী একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকেছি। তাৎক্ষণিক থানায় অভিযোগ করেছি। পরবর্তীতে শিক্ষা সচিব ও জবি উপাচার্যের সাথে বসে যথাবিহিত পদক্ষেপ নেবো।
এ বিষয়ে সুত্রাপুর থানার ওসি আশরাফুল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা পুলিশ প্রশাসন সেখানে গিয়েছি। কলেজ কর্তৃপক্ষ থেকে সিসিটিভির ফুটেজ নেয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত করে এর ব্যবস্থা নেয়া হবে।