৩০ মার্চ ২০১৯, ১০:২৬

ছাত্রলীগের মারামারির জেরে নির্দোষ শিক্ষার্থী বহিষ্কার

  © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান ও যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র নাথ টোটন সমর্থকদের মধ্যাকার ২০ মার্চ রাতে হলের সিট দখল নিয়ে মারামারি হয়। দুই পক্ষের মারামারির জেরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম শাহরিয়ারকে বহিষ্কার করেছে প্রশাসন।

ফাহিম শাহরিয়ার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, মারামারির সময় আমি ক্যাম্পাসে ছিলাম না। নামের মিল থাকার দায়ে দোষীকে আড়াল করে আমাকে ফাঁসানো হয়েছে। গণমাধ্যমের অনুসন্ধানে এর সত্যতাও মিলেছে।

শেকৃবি প্রশাসন বলেন, ভুল তথ্যের জন্য এ সমস্যা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীকে শাস্তি দেয়া হবে। সঙ্গে ভুল তথ্য দাতাকেও শাস্তি পেতে হবে। প্রক্টরিয়াল বডি জানান, প্রাথমিক তদন্তে টোটনের সমর্থক ফাহিমুল ইসলামের মারামারির ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। সে কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ফাহিম শাহরিয়ার জানান, আমি হলে থাকি না। মিরপুর ১৪ নম্বর এলাকা থেকে এসে ক্লাস করি। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। আমি তো রাজনীতি করি না। এখনে প্রকৃত দোষীকে আড়াল করার জন্য ফাঁসানো হয়েছে আমাকে। জানতে পেরেছি ফাহিমুল ইসলাম নামের এক শিক্ষার্থী মারামারিতে জড়িত ছিল। তার রেজিস্ট্রেশন নম্বর ১৯-০৯৪৩৮। আর আমার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে ১৯-০৯৪২৭। বিষয়টি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম বরাবর লিখিতভাবে জানিয়েছি। এছাড়াও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মিজানুর রহমানকে বিষয়টি জানিয়েছি। গতকাল উপ-উপাচার্য স্যারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানিয়েছি। সমস্যাটি সমাধান করার আশ্বাস দিয়েছেন তারা।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মিজানুর রহমান জানান, ভুল তথ্য প্রদানের কারণে সমস্যা হয়েছে। টোটনের অনুসারী ফাহিমুল ইসলাম (১৯-০৯৪৩৮) মারামারিতে জড়িত থাকার বিষয়ে গণমাধ্যমের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।