নাঈমের জন্য ৪ লাখ টাকা পুরস্কার, আরো যা থাকছে...
রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের ছেঁড়া পাইপ চেপে ধরে পানি আটকে রাখার দৃশ্য এখন সবার মোবাইলের পর্দায় ভাসছে। কড়াইল বস্তির সেই শিশু নাঈমের মানবিক কাজে খুশি হয়ে তার পাশে দাঁড়িয়েছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসী।
জানা যায়, শিশু নাঈম ইসলাম কড়াইল বস্তি এলাকার বৌবাজারের রুহুল আমীনের ছেলে। বৌবাজারের আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র নাঈম।
বৃহস্পতিবার যখন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে আকাশচুম্বী ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ার অগ্নিকাণ্ডে জ্বলছিলো তখন অধিকাংশ মানুষ ছবি তুলতে ব্যস্ত ছিল। অপরদিকে সেখানে যেন ব্যতিক্রম শিশু নাঈম ইসলাম। নাইম অগ্নিকাণ্ডের ঘটনায় পাইপের লিকেজে পলিথিন পেচিয়ে ধরে বসে ছিল। অনেকে ফেসবুকে শিশুটির ছবি শেয়ার দিয়ে তার কাজের প্রশংসা করেছেন। শিশু নাঈমের এই মানবিক কাজে খুশি হয়ে তাকে উপহারস্বরূপ পাঁচ হাজার ডলার বা ৪ লাখ টাকা প্রদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর ফারুক সামি। পাশাপাশি তার যাবতীয় পড়ালেখার দায়িত্ব গ্রহণেরও কথা জানালেন তিনি।
সিলেটের গোপালগঞ্জ উপজেলার ওমর ফারুক সামি গণমাধ্যমকে জানান, ‘আমি নাঈমের কাজে খুবই খুশি হয়েছি। নাঈম খুব কষ্ট করে লেখাপড়া করছে, সে পুলিশ অফিসার হতে চায়। তার ইচ্ছেপূরণ করতে আজ থেকে তার পড়ালেখার দায়িত্ব নিচ্ছি। পর্যায়ক্রমে তার উপহারের পাঁচ হাজার ডলারও প্রদান করব।’ এই বিষয়ে নাঈমের পরিবারের সঙ্গে ইতিমধ্যে আলাপ হয়েছে বলেও জানান এই যুক্তরাষ্ট্র প্রবাসী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) ২৩ তলাবিশিষ্ট এফ আর টাওয়ারের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৫৯ জন।