উপাচার্যের বক্তব্য বিকৃত করা হয়েছে, দাবি রাবি প্রশাসনের
কোটা আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা প্রসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহানের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. প্রভাষ কুমার কর্মকার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আজ বৃহস্পতিবার কয়েকটি স্থানীয় ও জাতীয় পত্রিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্ধৃত করে কোটা বিরোধী আন্দোলনকারীদের সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এসব সংবাদে উপাচার্য কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি কটু মন্তব্য করেছেন বলে যা বলা হয়েছে, তা সঠিক নয়।
প্রকৃতপক্ষে তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। এছাড়া ‘মনগড়াভাবে’ উপস্থাপিত সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্য প্রত্যাহার করা উচিৎ বলেও মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, ২৫ মার্চ কালরাত স্মরণে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য কোটা ও কোটা আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘বঙ্গবন্ধু কোটা দিয়েছিলেন দেশের মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত করতে, নারীদের এগিয়ে নিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নতির জন্য। আমার আফসোস ‘কোটা আন্দোলন রাজাকারদের সন্তানরা করতে পারে’ কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা কেন কোটার বিরোধিতা করলো। তারাও গিয়ে কোটার সংস্কার চেয়ে আন্দোলনে যোগ দিলো।’