ছাত্রীকে লাঞ্ছনা, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে মারধর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছে এক শিক্ষার্থী। বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর ১টার দিকে দিকে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী লিজা কবির নিজ বিভাগের সিঁড়ি দিয়ে নামার সময় ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সামিউল শাওন, ইউনুস কবির, হাসানুজ্জামানসহ কয়েকজন মিলে লিজাকে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে ইভটিজিং করে। তখন লিজার সহপাঠী নাইমুর রহমান (একই বিভাগ ও একই ব্যাচের শিক্ষার্থী) প্রতিবাদ করায় ইসলামি ইতিহাস বিভাগের ইভটিজিংকারী শিক্ষার্থীরা নাইমুর রহমানের সাথে তর্কে লিপ্তে হয়। এ সময় ইসলামি ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি সমাধান করতে আসলে শিক্ষকের সামনেই কথার এক পর্যায়ে ইভটিজিংকারী শিক্ষার্থীরা নাইমুর রহমান ও তার সহপাঠী অঙ্কন বিশ্বাস, পাবিয়া হোসেন, তাসপিয়া রাকার উপর হামলা করে। হামলায় নাইমুর রহমান আহত হলে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে অভিযোগ দেয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডিকে এই বিষয়ে দ্রুত তদন্ত করার নির্দেশ দেন।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সামিউলসহ তারা দাবি করে, তারা কাউকে ইভটিজিং করেনি। বলেন, ঐ সময় আমরা একটি মুভি নিয়ে আলোচনা করছিলাম। তখন মেয়েটি ও তার সাথে থাকা শিক্ষার্থীরা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা মনে করেছিল আমরা তাদের উদ্দেশ্য করে কথা বলেছি। তাই তাদের সাথে আমাদের সামান্য কথা কাটাকাটি হয়েছে।
জবি প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিলে উপাচার্য প্রক্টরিয়াল বডিকে বিষয়টি সমাধান করার নির্দেশ দেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।