২৭ মার্চ ২০১৯, ১৮:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইটি-আইটিএস জব ফেয়ার বৃহস্পতিবার

শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দিনব্যাপী ‘রাজশাহী আইটি-আইসিটি জব ফেয়ার ২০১৯’। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ক্রিকেট স্টেডিয়ামস্থ বাবলা তলায় চলবে এ মেলা। মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স তথা (এলআইসিটি)।

বুধবার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু, এলআইইটি’র ইন্ডাস্ট্রি প্রমোশন স্পেশালিষ্ট হাসান বেনাউল ইসলাম, এক্সপ্রেশন লি. এর ডিরেক্টর এহসানুল করিম প্রমুখ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের সুযোগের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা সহ থাকছে দিনব্যাপী নানা আয়োজন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুকরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে চারটি সেমিনার। মেলায় অংশগ্রহণ করছে দেশের শীর্ষস্থানীয় অর্ধশতাধিক প্রতিষ্ঠান এবং আইটিতে দক্ষ ১৫ হাজারের বেশি স্নাতক ডিগ্রীধারী তরুণ-তরুণী।

মেলার সমাপনী পর্বে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেলায় অংশগ্রহণের জন্য স্নাতক ডিগ্রীধারী এবং আইটি বিষয়ে অভিজ্ঞ যেকোনো তরুণ-তরুণী এলআইসিটি’র ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে, থাকবে অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধাও।