২৫ মার্চ ২০১৯, ২০:২০

সাত কলেজের সমস্যা নিয়ে ভিপি নুরের সঙ্গে সাক্ষাৎ শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুরহক নুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাবি অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ এবং ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এই কলেজ দুটির ২০১৩-১৪ সেশনের ফিন্যান্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। 

এসময় শিক্ষার্থী তাদের মাস্টার্সের ফলাফল নিয়ে অসন্তোষের বিষয়টি ভিপির কাছে তুলে ধরেন। তারা অভিযোগ করেন, আমাদের মাস্টার্সের ফলাফল ছিলো একেবারে অনাকাঙ্ক্ষিত। এই ফলাফলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা বলেন, ‘আমাদেরকে একটি সাবজেক্টে ৭২ শতাংশ ফেল  করানো হয়েছে।’

সেখানে উপস্থিত এক শিক্ষার্থী জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অবহেলায় এমন ত্রুটিপূর্ণ ফলাফল প্রকাশিত হয়েছে। আমাদের সহপাঠী যারা পরীক্ষা দিয়েছিলো তারা এমন ফলাফল প্রত্যাশা করে না বলেও এ শিক্ষার্থী উল্লেখ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা ফলাফল নিয়ে অসন্তোষের সমাধানকল্পে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুলহক নুরের প্রতি আহ্বান জানান। সেখানে শিক্ষার্থীরা ভিপি নুরের কাছে সাত কলেজের আরও নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

এ বিষয়ে ভিপি নুরুলহক নুর তাদের আশ্বাস দিয়ে জানান, সকল সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এখন আপাতত নিয়মিত ক্লাস পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শও দিয়েছেন ভিপি। এ সময় তিনি আরও বলেন, সাত কলেজের অদ্ভুত সকল সমস্যা সমাধানে ডাকসুর পক্ষে যতটুকু সম্ভব কাজ করবে।