কুবিতে সেশনজট; অভিনব প্রতিবাদ শিক্ষার্থীদের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সেশনজটের বিরুদ্ধে এবার অভিনব প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থানে চলমান সেশনজট সমস্যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের লেখা সমৃদ্ধ পোস্টার দেখা যায়। তবে এ পোস্টার কে বা কারা লাগিয়েছে সে সম্পর্কে জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের নিচে দেয়ালে লেখা ‘মাননীয় ভিসি স্যার, সেশনজটের দায়ভার কার???’, ‘২৫ মাসেও তৃতীয় সেমিস্টারে বসতে পারিনি!!!’, ‘মাননীয় ভিসি স্যার আপনার সন্তানরা সেশনজট থেকে মুক্তি চায়।’ ‘সেশনজট মুক্ত কুবি চাই।’ প্রভৃতি শ্লোগান সমৃদ্ধ পোস্টার লাগানো রয়েছে। একই রকম পোস্টার বিভিন্ন অনুষদগুলোতেও লাগানো হয়েছে। তবে প্রতিটি পোস্টারের নিচে লেখা ‘গর্জে উঠো কুবিয়ান’।
বিষয়টা কারা করেছে এ সম্পর্কে জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীরা। তবে কয়েকটি বিভাগে তীব্র সেশনজট থাকায় এসব বিভাগের শিক্ষার্থীরা এমন পোস্টার লাগাতে পারে বলে অনেকেই ধারণা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ‘বিভাগগুলোর বিভিন্ন সমস্যার প্রতিবাদ করতে গেলে নামবার কম পাওয়াসহ নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। তাই হয়তো কেউ প্রতিবাদের এমন অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন।’
বিশ্ববিদ্যালয়টির সিএসই, আইসিটি, রসায়ন, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব বিভাগসহ কয়েকটি বিভাগে তীব্র সেশনজটে রয়েছে। বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা বার বার শিক্ষকদের কাছে এ সমস্যা সমাধানের জন্য বললেও শিক্ষকদের কাছ থেকে তেমন সহযোগিতা পায়নি বলে জানা যায়।
কে বা কারা এ পোস্টারগুলো লাগিয়েছে এবং এর পেছনে যৌক্তিকতা কি এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘কে বা কারা এগুলো লাগিয়েছে সে বিষয়ে আমরা জানি না। কিন্তু যারাই করেছে তারা বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ণ করেছে। তারা বিভাগীয় প্রধানগণ বা উপাচার্যকে অবহিত করতে পারতো। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘আমরা সেশনজট নিরসনের ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই সবার সাথে বসে এর সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’