প্রাথমিক সমাপনী পরীক্ষা ও কোচিং বাণিজ্য বন্ধ করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, ‘শিশুদের ওপর পড়াশোনার বাড়তি চাপ কমাতে হবে এবং সকল শিশু যেন লেখাপড়ার সুযোগ পায় সেলক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা রাখতে হবে। তাই সরকারকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং কোচিং বাণিজ্য বন্ধ করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
বুধবার ব্র্যাক সেন্টারে জাতীয় মানবাধিকার কমিশন ও ব্র্যাক এর যৌথ আয়োজনে ‘শিশু অধিকার: শিশু ন্যায়পাল’ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘শিশু অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের নানাবিধ কার্যক্রম থাকা সত্ত্বেও শিশু নির্যাতন এখনো চলছে। ২০১১ সালে জাতীয় শিশু নীতি প্রণয়ন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। উক্ত নীতিতে শিশু ন্যায়পাল গঠনের বিষয়টি উল্লেখ থাকলেও এখনো তা গঠন করা হয়নি। তাই জাতীয় মানবাধিকার কমিশন সরকার ও নাগরিক সমাজের সাথে আলোচনা করে শিশু অধিকার কমিশন আইনের একটি খসড়া প্রস্তুত করে ইতিমধ্যে সরকারের নিকট দাখিল করেছে এবং সরকার উক্ত কমিশন গঠনে নীতিগত সমর্থন দিয়েছে।
তিনি বলেন, আমরা চাই এমডিজি অর্জনে বাংলাদেশ যে সফলতা দেখিয়েছে এসডিজি অর্জনেও বাংলাদেশ সেরকম সফলতা দেখাতে সক্ষম হবে। শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধে একটি নিরপেক্ষ শিশু অধিকার কমিশন প্রয়োজন।”
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব জুয়েনা আজিজ; সমাপনী বক্তব্য রাখেন কমিশনের সদস্য জনাব নুরুন নাহার ওসমানী; বক্তব্য রাখেন ব্র্যাক এর এডভোকেসি, টেকনোলজি ও পার্টনারশিপ প্রোগ্রাম এর পরিচালক কে এম মরশেদ; ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম এর পরিচালক জনাব শফিকুল ইসলামসহ আরও অনেকে।