রাজিবের ওপর হামলাকারীদের বহিষ্কারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাজিব সরকারের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে তার নিজ বিভাগের শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী এক সমাবেশে রাজীব সরকারের ওপর হামলায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানানো হয়।
সমাবেশে বাংলা সমিতি’র সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মী রণদা প্রসাদ তালুকদার, রুবাইয়াত, আসহাব চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের দলমত ভিন্ন পন্থা থাকতে পারে। কিন্তু একজন শিক্ষার্থী হয়ে কিভাবে আরেকজন শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে পারে, সেটা বোধগম্য নয়। অপরাধী কোনও দল বা মতের হতে পারে না। অপরাধীদের কোনও ধর্ম থাকতে পারে না। যারা এ ধরণের ঘৃণ্য কাজ করেছে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ার নূন্যতম যোগ্যতা হারিয়েছেন। প্রশাসনের কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসীদের বহিষ্কার করে সুশাসন প্রতিষ্ঠা করা হোক।
বক্তারা আরও বলেন, বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি এ ঘৃণ্য কর্মকাণ্ডে বাংলা বিভাগের একজন শিক্ষার্থীও জড়িত ছিলো। নিজ বিভাগের সিনিয়রকে যিনি কোপাতে পারেন তিনি তার পরিবারের কাউকেউ কোপাতে দ্বিধাবোধ করবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, শনিবার শাবি ছাত্রলীগের সিনিয়র নেতা মুশফিকুর রহমান ভাইয়ার অনুসারী রাজিব সরকারের মাথায় ও পিঠে কুপিয়ে জখম করে সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেনের অনুসারীরা।
রাজিবের দাবি, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম রিশাদ, আইপিই বিভাগের মাহবুব শোভন, বাংলা বিভাগের কাওসার আহমেদ সোহাগ, লোক প্রশাসন বিভাগের সুমন মিয়া, সুজন বৈষ্ণব, আব্দুল বারী সজীব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতেখার আহমেদ রানা, সমুদ্রবিজ্ঞান বিভাগের আমিনুল ইসলাম তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও পিঠে কোপায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজিবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ২৬ টি ও পিঠে ৪০ টির মতো সেলাই করা হয়।
এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পেশ করেছেন বলে জানা যায় সূত্রের বরাত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমেদকে কয়েকবার ফোন দিয়েও যোগাযোগ সম্ভব হয়নি। অন্যদিকে সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, হামলার অগ্রগতির বিষয়ে কোনো ধারণা নেই তার।